আমাদের গল্প
Baby Garden-এর গল্প শুরু হয় ২০১৬ সালে, একান্ত ব্যক্তিগত একটি অভিজ্ঞতা থেকে।

২০১৬ সালে আমি কাজের প্রয়োজনে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় আমার তিনজন কন্যাসন্তান ছিল। আমি খুব চিন্তিত ছিলাম—বিদেশে থাকাকালীন আমার স্ত্রী একা হাতে তিন সন্তান সামলাতে পারবে কি না। সেই দুশ্চিন্তা থেকেই, বিদেশে যাওয়ার আগে আমি শিশুদের জন্য একটি প্যাড (ট্যাব) কিনে দিই, যাতে তারা কিছুটা ব্যস্ত থাকে এবং আমার স্ত্রীর ওপর চাপ কমে।
২০১৭ সালে দেশে ফিরে এসে আমি একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করি—আমার সন্তানরা সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, চোখ পিটপিট করে, স্বাভাবিক খেলাধুলা কমে গেছে। বিষয়টি আমাকে ভাবিয়ে তোলে। তখন আমি সিলেট শহরের বিভিন্ন মার্কেট ঘুরে শিশুদের জন্য খেলনা ও খাবার খুঁজতে শুরু করি।
কিন্তু বাস্তবতা ছিল হতাশাজনক। কোথাও এমন কোনো সম্পূর্ণ বেবি শপ পাইনি যেখানে একসাথে ভালো মানের খেলনা, খাবার, দুধ, ডায়াপার ও প্রয়োজনীয় সব বেবি প্রোডাক্ট পাওয়া যায়—যা একজন অভিভাবকের প্রকৃত প্রয়োজন মেটাতে পারে।
সেই মুহূর্তেই আমার মনে একটি সিদ্ধান্ত জন্ম নেয়—
আমাদের শহরের জন্য একটি সম্পূর্ণ বেবি শপ প্রয়োজন।
এই চিন্তা থেকেই ২০১৭ সালে যাত্রা শুরু করে Baby Garden।
Baby Garden প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল একটাই—
শিশু ও অভিভাবকদের জন্য ভরসাযোগ্য, নিরাপদ এবং মানসম্মত পণ্য এক জায়গায় পাওয়া নিশ্চিত করা।
আমরা শুরু থেকেই গুরুত্ব দিয়েছি ন্যায্য দাম, ভালো মানের পণ্য এবং আন্তরিক সেবার ওপর। এর ফলেই অল্প সময়ের মধ্যেই Baby Garden গ্রাহকদের আস্থা অর্জন করে এবং সিলেট শহরে একটি পরিচিত নাম হয়ে ওঠে।
আমাদের দোকানে বাংলাদেশি ও বিদেশি বেবি মিল্ক, খেলনা, পোশাক, বেবি ফুড, ডায়াপার এবং একটি শিশুর সম্পূর্ণ যাত্রায় প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায়। বিশেষ করে আমরা ডায়াপারের ন্যায্য মূল্যের জন্য গ্রাহকদের কাছে পরিচিত হয়ে উঠি।
২০২২ সালের এপ্রিল মাসে হঠাৎ একটি ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে আমাদের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
সেই কঠিন সময়ে আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু এবং বিশেষ করে আমাদের প্রিয় কাস্টমারদের অকুণ্ঠ সহযোগিতা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আবার ঘুরে দাঁড়াই।
২০২২ সালের জুলাই মাসে Baby Garden নতুনভাবে পুনর্গঠিত হয়ে আবার যাত্রা শুরু করে এবং আজও একই বিশ্বাস ও দায়িত্ব নিয়ে আমাদের গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
